বিশ্বকাপের খেলা দেখা নিয়ে বাংলাদেশি দর্শকদের জন্য সুখবর

Tanjir Khan Rony | প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০০:৩০
বিশ্বকাপের খেলা দেখা নিয়ে বাংলাদেশি দর্শকদের জন্য সুখবর

কাতার বিশ্বকাপ সম্প্রচার করে বড় লোকসান দিয়েছিল বাংলাদেশ টেলিভিশন। যার জেরে আসন্ন ২০২৬ বিশ্বকাপ বাংলাদেশের দর্শকরা টেলিভিশনে সরাসরি দেখতে পারবে কিনা তা নিয়ে তৈরি হয়েছিল বড় অনিশ্চয়তা।


বাংলাদেশ টেলিভিশন সরাসরি ফিফার সাথে যোগাযোগ করে একটা দফারফায় উপনীত হওয়ার পথে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বুধবার ফিফার সাথে আনুষ্ঠানিক চুক্তি হতে পারে বাংলাদেশ টেলিভিশনের। তারপই বিটিভি থেকে বিশ্বকাপ সম্প্রচারের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে।


বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব কিনেছিল সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক। তবে এই প্রতিষ্ঠানের সাথে ফিফা চুক্তি বাতিল করে দিয়েছে। স্প্রিংবক অতিরিক্ত অর্থ চাওয়ার কারণেই বিটিভি শুরু থেকে অনাগ্রহ দেখিয়ে আসছিল। এখন সরকারি এই টেলিভিশন চ্যানেলটি সরাসরি ফিফার সাথে যোগাযোগ করে দেশের কোটি কোটি মানুষকে খেলা দেখানোর সম্ভবনার দুয়ারে পৌঁছে গেছে।


বিটিভি সম্প্রচার স্বত্ব পেলে এই প্রতিষ্ঠান থেকে দেশের দুটি বেসরকারি টিভি চ্যানেলও খেলা দেখাবে বলেও একটি সূত্র জানিয়েছে। তবে কোনো চ্যানেলই চুক্তি চূড়ান্ত হওয়ার আগে বিষয়টি নিশ্চিত করে বলতে চাইছে না। বুধবার যদি বিটিভি আনুষ্ঠানিক ঘোষণা দেয় তাহলে সংশ্লিষ্ট বেসরকারি চ্যানেল দুটিও খেলা দেখানোর বিষয়টি নিশ্চিত করতে পারে।


বিটিভি বিশ্বকাপ সম্প্রচারের ঘোষণা দিলে বাংলাদেশের কোটি কোটি দর্শকের জন্য বড় স্বস্তির খবর হবে। বিশেষ করে গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলের দর্শকরা বিনামূল্যে বিশ্বকাপ উপভোগের সুযোগ পাবেন, যা দেশের ফুটবল সংস্কৃতির জন্যও ইতিবাচক ভূমিকা রাখবে। এখন সবার দৃষ্টি বিটিভির সম্ভাব্য ঘোষণার দিকে।

মন্তব্য করুন

Login to comment

আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

Global Before Footer