দেশের আকাশে রহস্যময় আলোর ঝলক ঘিরে যা জানা যাচ্ছে
বিকাল গড়িয়ে সন্ধ্যা নামতেই দেশের বিভিন্ন অঞ্চলের আকাশে দেখা মিলেছে রহস্যময় উজ্জ্বল আলোর ঝলক। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে শুরু করে ভোলা, বরগুনা ও চট্টগ্রামের সাতকানিয়াসহ বিভিন্ন এলাকায় শুক্রবার সন্ধ্যায় আকাশে দীর্ঘ আলোর রেখা ও আগুনের গোলার মতো উজ্জ্বল বস্তু দেখতে পান স্থানীয়রা। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও জল্পনা শুরু হয়েছে।
শুক্রবার (৮ মে) সন্ধ্যায় এ দৃশ্যটি দেখে রীতিমতো বিস্মিত হয়েছেন সাধারণ মানুষ।
তবে কয়েক মিনিটের মাথায় সেটি অদৃশ্য হয়ে যায়। অনেকেই মুঠোফোনে এই দৃশ্য ধারণ করে ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগের মাধ্যমে। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আকাশের এক কোনায় বজ্রপাতের মতো আলোকরশ্মি ছড়িয়ে আছে। তার কিছুটা দূরে আলো ছড়িয়ে পূর্ব দিকে দ্রুত ছুটতে থাকে ‘মিসাইল’ আকৃতির আলোর ঝলকটি।
এ প্রসঙ্গে আবহাওয়া অধিদফতর কক্সবাজার কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ এম আবদুল হান্নান বলেন, বঙ্গোপসাগরের ওপর দিয়ে আজ সন্ধ্যায় দ্রুতগতিতে আলোর ঝলক ছুটতে দেখা গেছে, সেটির বিষয়ে ঢাকার আবহাওয়াবিদদের (ভিডিও ও ছবি পাঠিয়ে) মন্তব্য চাওয়া হয়েছিল। তারা জানিয়েছেন, এটি আবহাওয়াগত বিষয় না। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে এটিকে মিসাইল মনে হয়েছে। কিন্তু এটি কেন বা কারা ছুড়েছে, তার জানা নেই।