গণভোটে ‘হ্যাঁ’ ছাড়া মুক্তির পথ নেই: আসিফ মাহমুদ
ফ্যাসিবাদের ছায়া থেকে দেশকে চূড়ান্তভাবে মুক্ত করতে আসন্ন গণভোটকে ইতিহাসের নির্ধারক মুহূর্ত হিসেবে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
তিনি বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ‘হ্যাঁ’ ভোটের কোনো বিকল্প নেই।
বুধবার ব্রাহ্মণবাড়িয়ার পৌর মুক্তমঞ্চ ও সরাইল উপজেলা সদরে ১১ দলীয় জোটের আয়োজনে পৃথক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা শেখ হাসিনার পতনে কষ্ট পায়, তারাই আবার দেশে ফ্যাসিবাদ কায়েমের স্বপ্ন দেখছে।
তিনি দাবি করেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
আসিফ মাহমুদ বলেন, ১১ দলীয় জোট সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ঐক্যবদ্ধ হয়েছে এবং ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জোট প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, অতীতে আলেম-ওলামাদের দমন ও বঞ্চনার মাধ্যমে একটি বড় জনগোষ্ঠীকে রাষ্ট্রের বাইরে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। জোট সরকার গঠন করলে কওমি শিক্ষার্থীদের জন্য শিক্ষা, গবেষণা, ব্যাংকিং, গণমাধ্যম ও প্রযুক্তি খাতে বিশেষ প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
তিনি জানান, জাতীয় পে স্কেল কমিশনের প্রস্তাব বাস্তবায়নের পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মরতদেরও পে স্কেলের আওতায় আনা হবে।
সরাইলের জনসভায় তিনি নারীদের নিরাপত্তা নিয়ে হুমকি ও ভয়ভীতির রাজনীতিকে নতুন বাংলাদেশের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম ও সরাইল উপজেলা ১১ দলীয় জোটের সভাপতি মো. এনাম খাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত এসব সভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।
শেষ পর্যন্ত আসিফ মাহমুদ বলেন, এই নির্বাচন ও গণভোট শুধু ক্ষমতা বদলের লড়াই নয়—এটি ঠিক করে দেবে বাংলাদেশ এগোবে আলোর পথে, নাকি আবার ফিরবে অন্ধকারে।