জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনার নিয়ে নতুন নির্দেশনা

Tanjir Khan Rony | প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০০:৪১
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনার নিয়ে নতুন নির্দেশনা

বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনা ও তেলের ব্যবহার সাশ্রয়ে সরকারি কার্যক্রমে বড় পরিবর্তনে সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে মন্ত্রণালয় ও বিভাগের বিভিন্ন সভা, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সশরীরে উপস্থিতির পরিবর্তে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। একান্ত প্রয়োজন ব্যতীত সশরীরে সভা আয়োজন পরিহার করার জন্য কঠোর বার্তা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।


সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সকল সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) নিকট পাঠানো হয়েছে।


চিঠিতে উল্লেখ করা হয়েছে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেলের সাশ্রয় নিশ্চিত করা অপরিহার্য। একই সঙ্গে সরকারি কার্যক্রম যেন নিরবচ্ছিন্ন ও কার্যকরভাবে পরিচালিত হয়, সেটিও নিশ্চিত করা প্রয়োজন। এই লক্ষ্য অর্জনে মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে কর্মকর্তাদের যাতায়াত সীমিত করে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।


চিঠিতে স্পষ্ট করা হয়েছে, বিভাগীয় পর্যায়ের কোনো প্রোগ্রামে জেলা পর্যায়ের কর্মকর্তাদের এবং জেলা পর্যায়ের প্রোগ্রামে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সশরীরে উপস্থিত না হয়ে ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। মূলত যানবাহনের জ্বালানি সাশ্রয় করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য।


মন্ত্রিপরিষদ বিভাগ আরও জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালন করতে হবে। একান্ত জরুরি কোনো কারণ ছাড়া সশরীরে সভা না করার মাধ্যমে সরকারি যানবাহনের তেল সাশ্রয় করে রাষ্ট্রীয় ব্যয় সংকোচনে ভূমিকা রাখতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে। 


উল্লেখ্য, বিশ্ববাজারে জ্বালানির অস্থিরতার প্রভাব মোকাবিলায় সরকার ইতিপূর্বেও বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে বিভিন্ন মেয়াদি পদক্ষেপ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় প্রশাসনিক এই নতুন নির্দেশনা জারি করা হলো।


মন্তব্য করুন

Login to comment

জাতীয় নিয়ে আরও পড়ুন

Global Before Footer