কুমিল্লা যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
আগামী ২৪ জানুয়ারি নির্বাচনী প্রচারণায় কুমিল্লা যাবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।
কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু (১৪ জানুয়ারি) বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তারেক রহমানের কুমিল্লা আগমন উপলক্ষে দলীয় প্রস্তুতির অংশ হিসেবে টাউন হল মাঠ পরিদর্শন করেছেন বিশেষ নিরাপত্তা বাহিনী সিএসএফ টিমসহ বিএনপি নেতাকর্মীরা।
এ সময় সভা সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাঠের সার্বিক অবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, মঞ্চ স্থাপনসহ
অন্যান্য আনুষঙ্গিক বিষয় বিশেষ সতর্কতা ব্যবস্থা নেয়া হচ্ছে।
দলীয় সূত্র জানায়, কর্মসূচি সফল করতে সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, আগামী ২৪ জানুয়ারি তারেক রহমান কুমিল্লায় আসছেন। তারেক রহমানের আগমন নেতাকর্মী সমর্থক এবং ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করছে।
তারেক রহমানের আগমনে ভোটের মাঠে গণজোয়ার সৃষ্টি হবে বলে আশা ব্যক্ত করেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।
তিনি বলেন, জেলার সব সংসদীয় আসনে আমাদের দলীয় প্রার্থীদের বিজয়ে সহায়ক ভূমিকা রাখবে। তাকে বরণ করতে হাজার হাজার নেতাকর্মী প্রস্তুতি নিচ্ছেন।