অনির্দিষ্টকালের ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর

Tanjir Khan Rony | প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩৩
অনির্দিষ্টকালের ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেওয়ার দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কর্মসূচির ফলে বন্দরের সব ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

সরেজমিনে দেখা গেছে, বন্দরের ৪ নম্বর গেটসহ গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। জেটি, ইয়ার্ড, টার্মিনাল, প্রশাসনিক ভবন এবং বহির্নোঙরে পণ্য খালাস ও পরিবহন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় বন্দর কর্তৃপক্ষ জরুরি সভায় অংশ নিতে প্রায় ২০০ কর্মচারী ও শ্রমিককে নির্দেশ দিলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেছেন।

শনিবার সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন। তিনি জানান, এনসিটি ইজারা বাতিলের পাশাপাশি বন্দর চেয়ারম্যান এস এম মনিরুজ্জামানকে প্রত্যাহার, আন্দোলনকারীদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে সব ধরনের আইনি হয়রানি বন্ধের দাবিতে এই আন্দোলন চলছে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে তিনি জানান।

পরিষদের আরেক সমন্বয়ক মো. হুমায়ুন কবির বলেন, গত ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধারাবাহিক কর্মবিরতির পর নৌ উপদেষ্টার আশ্বাসে সাময়িকভাবে কর্মসূচি স্থগিত করা হয়েছিল। তবে প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় এবার আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন তারা।

এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (বন্দর) মো. আমিরুল ইসলাম বলেন, বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

মন্তব্য করুন

Login to comment

জাতীয় নিয়ে আরও পড়ুন

Global Before Footer